Thursday, September 22, 2016

আফগানদের চাপে রেখেছেন বিসিবি বোলাররা

আফগানিস্তানের বিপক্ষে ফতুল্লায় একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলছে বিসিবি একাদশ। আর স্বাগতিক বোলারদের চমৎকার বোলিংয়ে শুরুতেই চাপের মুখে পড়েছে আফগানরা। তাদের রানের গতিও বোলারদের নিয়ন্ত্রণে। এই রিপোর্ট লেখার সময় প্রাথমিক ধস সামলানোর চেষ্টা করছে আফগানরা। টস হেরে ব্যাট করতে নেমে ২৫ ওভার শেষে তাদের সংগ্রহ ৩ উইকেটে ৮৩ রান।

খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বিসিবি একাদশকে নেতৃত্ব দিচ্ছেন ইমরুল কায়েস। ৩০ রান পর্যন্ত কোনো উইকেট হারায়নি আফগানরা। কিন্তু এরপর বাংলাদেশের ডান হাতি তিন পেসার তিন উইকেট তুলে নেন ১৭ রানের মধ্যে। অষ্টম ওভারে আবু হায়দার তুলে নেন নওরোজ মঙ্গলকে (১০)। উইকেটের পেছনে ক্যাচ নিয়েছেন লিটন দাস। আফগানরা পরের ওভারেই হারায় বিপজ্জনক মোহাম্মদ শাহজাদকে (১৭)। তাকে বোল্ড করে দেন আলাউদ্দিন বাবু। কিছুক্ষণের বিরতির পর বদলী বোলার শুভাশিস রায় শিকার করেন রহমত শাহকে (৮)। অধিনায়ক আসগার স্তানিকজাই (২১*) ও হাশমাতুল্লা শহিদি (১৮*) এরপর হাল ধরেন।

বিসিবির এই দলে আফগানিস্তানদের বিপক্ষে খেলার জন্য ঘোষিত বাংলাদেশের ১৩ সদস্যের দলের তিনজন আছেন। ইমরুলের সাথে আছেন সাব্বির রহমান ও প্রথমবারের মতো ওয়ানডে দলে জায়গা পাওয়া তরুণ মোসাদ্দেক হোসেন সৈকত। ২৫ ও ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ-আফগানিস্তান প্রথম দুই ওয়ানডে। সিরিজের শেষ ম্যাচ ১ অক্টোবর। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে।

0 comments:

Post a Comment

Visite Here